সিদ্ধিরগঞ্জে উদ্ধার হওয়া নারীর কঙ্কালের পরিচয় মিলেছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল শান্তিনগর এলাকা থেকে ১৮ মার্চ উদ্ধার করা এক নারীর কঙ্কালের পরিচয় পাওয়া গেছে। ওই নারীর নাম শাহানা ওরফে শাহানাজ (২৮)। তাঁকে তাঁর প্রেমিক রাশেদ সাত মাস আগে শ্বাসরোধে হত্যা করে লাশ ওই স্থানে মাটিচাপা দিয়ে রাখেন। রাশেদ গতকাল শুক্রবার আদালতে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
এ বিষয়ে গতকাল সকালে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাশেদ (৩৬) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাদশা মিয়ার ছেলে। তিনি স্থানীয় সুবর্ণা টেক্সটাইল মিলে সুপারভাইজার হিসেবে চাকরি করেন। ১৮ মার্চ গোদনাইল শান্তিনগর এলাকার আবদুল মান্নানের লোকজন গুদাম করার জন্য তাঁর জমি খোঁড়া শুরু করলে এক নারীর কঙ্কাল দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গত বৃহস্পতিবার রাতে রাশেদকে গ্রেপ্তার করে। শাহানার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়।
গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে রাশেদ বলেন, শাহানা সম্পর্কে তাঁর ভাগনি হয়। হত্যাকাণ্ডের প্রায় এক বছর আগে তিনি, তাঁর স্ত্রী ও শাহানা একই বাড়িতে থাকা শুরু করেন। একসঙ্গে থাকায় রাশেদের সঙ্গে শাহানার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনা জানতে পেরে তাঁর স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যান। এ কারণে তিনি (রাশেদ) শাহানাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গত ঈদুল ফিতরের ছুটির সময় এক রাতে তিনি শ্বাসরোধে হত্যার পর শাহানার লাশ বাসার পাশে আবদুল মান্নানের জমিতে পুঁতে রাখেন।