সিদ্ধিরগঞ্জে একই স্থানে ছাত্রলীগ ও বিএনপি সভা ডাকায় উত্তেজনা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই স্থানে একই সময়ে সভা আহ্বান করেছে স্থানীয় ছাত্রলীগ ও বিএনপি। আগামীকাল শুক্রবার ডাকা সভা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কাজ কাউকে করতে দেওয়া হবে না।কাল শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী বালুর মাঠে সাব্বির আলম খন্দকার স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করেছে স্থানীয় বিএনপির একটি পক্ষ। এদিকে একই স্থানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আলোচনা সভা আহ্বান করে বুধবার বিকেলে মাইকিং করে নারায়ণগঞ্জ পৌর ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ।এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার জানান, ‘আমি এক মাস আগে দলীয় কর্মীদের সময় দিয়েছি। এখন যদি ছাত্রলীগ সেখানে সভা আহ্বান করে, তাহলে আমাদের কী করার আছে। তবে আমরা কোনো সংঘাতে যেতে রাজি নই।’এদিকে নারায়ণগঞ্জ পৌর ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আমির হোসেন জানান, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবি করে আগেই এখানে সভা আহ্বান করেছি। কিন্তু আমাদের সভাস্থলে বিএনপি সভা ডাকায় এটাই প্রমাণ করে, বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে চাচ্ছে।’সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, ‘এ ব্যাপারে আমাদের কেউ কোনো কিছু জানায়নি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কাজ কাউকে করতে দেওয়া হবে না।’