সিদ্ধিরগঞ্জে কনস্টেবলকে পেটানোর ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে শিল্প পুলিশের এক কনস্টেবলকে পিটিয়ে জখম করার ঘটনায় গত মঙ্গলবার রাতে ১০ পরিবহনশ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

আসামিরা হলেন সোহেল (২৫), রাশেদ (২৮), মামুন (৩০) ও সাইফুল ইসলাম (২৮)। এ ছাড়া অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়েছে। আসামিরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনের অনুগত পরিবহনশ্রমিক হিসেবে পরিচিত।

বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে সরকারি কাজে বাধা, হত্যার উদ্দেশ্যে পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম এবং চাঁদা দাবি করার অভিযোগ এনে মামলাটি করেছেন শিল্প পুলিশ-৪-এর কনস্টেবল অরূপ কুমার দাশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর একটার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে বাংলাদেশ কাভার্ড ভ্যান পিকআপ ভ্যান মালিক সমিতির কার্যালয়ের সামনের সড়কে নূর হোসেনের গাড়ি বের হবে বলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন তাঁর সমর্থক পরিবহনশ্রমিকেরা।

এতে ব্যস্ততম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় ওই সড়ক দিয়ে যাওয়ার পথে শিল্প পুলিশের একটি দল যানজটে আটকা পড়ে। গাড়িতে থাকা কনস্টেবল ইন্দ্রজিৎ দ্রুত গাড়ি ছেড়ে দেওয়ার আহ্বান জানালে নূর হোসেনের সমর্থকেরা তাঁর (ইন্দ্রজিৎ) সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে শ্রমিকেরা ইন্দ্রজিৎকে মারধর করে মাথা ফাটিয়ে দেন। তাঁকে গুরুতর অবস্থায় শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ-৪ অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান প্রথম আলোকে জানান, হামলার ঘটনায় জড়িত অভিযোগে মঙ্গলবার রাতেই আসামি সোহেলকে গ্রেপ্তার করা হয়।