সিদ্ধিরগঞ্জে কর্মরত ৩৬ বিদেশি ঢাকায়
নিরাপত্তাগত বিবেচনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ৩৬ বিদেশি নাগরিককে ঢাকায় সরিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদের মধ্যে ৩২ জন স্পেনের, ২ জন মেক্সিকোর ও দুইজন আজেন্টিনার নাগরিক।
নারায়ণগঞ্জের জামতলা ধোপাপট্টি এলাকার একটি বাড়ির ১০টি ফ্ল্যাটে তাঁরা ভাড়া থাকতেন। প্রতিদিন সেখান থেকে নিজস্ব গাড়িতে করে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে যাতায়াত করতেন।
স্পেনভিত্তিক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৩৩৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে। এলাকার কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, সেখানকার বিদেশি নাগরিকদের ৬ অক্টোবর থেকে বাইরে দেখা যাচ্ছে না। তাঁরা যে বাড়িতে বাস করেন, সন্ধ্যার পর সেই বাড়ির বাতি জ্বলে না।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘আমরা যতটুকু জেনেছি, বিদেশি নাগরিকেরা কিছুদিনের জন্য ঢাকায় অবস্থান করছেন। তবে বিষয়টি সাময়িক। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা আবার ফিরে আসবেন।’
মোহাম্মদ জাকারিয়া জানান, নারায়ণগঞ্জে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ৫৫১ জন বিদেশি নাগরিক কর্মরত আছেন। বিদেশিসহ সব নাগরিকের নিরাপত্তায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।