সিদ্ধিরগঞ্জে কলেজছাত্র ও যশোরে শ্রমিককে জবাই করে হত্যা
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গত শুক্রবার রাতে নবীর হোসেন (২২) নামের এক কলেজছাত্রকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই রাতে যশোরের অভয়নগরে সন্ত্রাসীরা জবাই করে হত্যা করেছে আসলাম হাবিব (৪৫) নামের এক পাটকল-শ্রমিককে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকার রূপচান মিয়ার ছেলে নবীর শুক্রবার রাতে বাড়িতে নিজের ঘরে ঘুমান। গতকাল শনিবার সকাল ১০টা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাঁকে ডাকতে গিয়ে দেখেন, ঘরের মেঝেতে নবীরের রক্তাক্ত লাশ পড়ে আছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।নিহত নবীরের বাবা রূপচান মিয়া সাংবাদিকদের জানান, নবীর এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় একটি কোচিং সেন্টারে ক্লাস করতেন তিনি।নিহত নবীরের মা নুরুন্নাহার অভিযোগ করেন, তাঁদের বাড়ির পাশের একটি পুকুর ভূমিদস্যুরা দখল করে ভরাট করেছে। এখন তাঁদের বসতবাড়িও সরকারি জমি বলে দখল করার জন্য নানাভাবে তাঁদের হুমকি দিচ্ছে। এ বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ভূমিদস্যুরাই তাঁর ছেলেকে হত্যা করেছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, নিহত নবীরের গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নবীরের বাবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।ওসি বলেন, ঘরের ভেতর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল প্লেইং-কার্ড (তাস)। শুক্রবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে ঘরে বসেই নবীর আড্ডা দিচ্ছিলেন বলে তাঁর বাবা জানিয়েছেন। যশোরের অভয়নগর উপজেলার মশিহাটি গ্রামের আসলাম হাবিবকে শুক্রবার রাতে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় নওয়াপাড়া জুট মিলের শ্রমিক ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আসলাম নিজের বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে তাঁর দূর সম্পর্কের শ্যালক একই জুট মিলের বদলি শ্রমিক নয়ন তাঁকে ঘুম থেকে ডেকে তোলেন এবং তাঁর সঙ্গে ঘুমাবেন বলে জানান। এরপর তাঁরা দুজন একই বিছানায় ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজের সময় আসলামের বড় ভাই শামসুর রহমান মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য তাঁকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি কক্ষের দরজা ভেঙে মেঝেতে আসলামের জবাই করা লাশ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। গতকাল সকালে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।শামসুর রহমান অভিযোগ করেন, নয়ন পূর্বপরিকল্পনা অনুযায়ী হাবিবকে হত্যা করেছেন। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, নিহত হাবিবের বড় ভাই শামসুর রহমান থানায় একটি হত্যা মামলা করেছেন। নয়নকে আসামি করা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করেছে।