সিদ্ধিরগঞ্জে কারখানায় শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধের চেষ্টা
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের প্যাপিলিয়ন নিটওয়্যারের (১) কারখানা ভবনে ফাটলের গুজব এবং কয়েকজন শ্রমিককে মারধরের ঘটনায় অসন্তোষ দেখা দিয়েছে। এর জের ধরে গতকাল সোমবার শ্রমিকেরা নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইল সড়ক অবরোধের চেষ্টা চালান।
পুলিশ ও কয়েকজন শ্রমিক বলেন, গত শনিবার রাত আটটার দিকে কারখানার একটি তলার কয়েকটি টাইলস খসে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর রোববার কারখানায় ছুটি ঘোষণা করা হয়। গতকাল সকালে শ্রমিকদের সঙ্গে আলোচনা করতে কারখানায় আসেন মালিক নুর আলম চৌধুরী। আলোচনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এদিকে আলোচনার সময় ভবনের মালিক চেয়ারে বসা নিয়ে সুইং অপারেটর জামাল হোসেন, আলমগীর হোসেনসহ কয়েকজন শ্রমিককে মারধর করেন। এর জের ধরে সকাল নয়টার দিকে কারখানা থেকে বেরিয়ে ছয় শতাধিক শ্রমিক নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইল সড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাদের আশ্বাস পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক থেকে সরে যান। পরে কারখানার মালিক নুর আলম গতকাল কারখানায় ছুটি ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মারধরের ঘটনায় শ্রমিকেরা অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।