সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল শুক্রবার মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। মানববন্ধন থেকে আশুলিয়ার বন্ধ কারখানাগুলো অবিলম্বে খোলা ও ফ্রন্টের কেন্দ্রীয় নেতা সৌমিত্র কুমার দাসসহ গ্রেপ্তার করা সব শ্রমিকনেতার মুক্তির দাবি জানানো হয়।
বিকেলে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ী বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে শ্রমিক ফ্রন্টের সিদ্ধিরগঞ্জ থানা শাখা। এতে শ্রমিকনেতা তৌহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন শ্রমিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সহসভাপতি সাইফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, আলাপ-আলোচনার মধ্য দিয়ে আশুলিয়ায় পোশাক কারখানার মালিক ও শ্রমিকদের মধ্যে চলমান সমস্যার সমাধান করতে হবে। বন্ধ কারখানাগুলো অবিলম্বে খুলে দিতে হবে। গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাসসহ সব নেতার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
জাহাঙ্গীর আলম গোলক বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, গাড়ি ও বাড়িভাড়াসহ সবকিছুর দাম দ্বিগুণ, তিন গুণ বেড়েছে। সরকারি চাকুরেদের বেতন বাড়িয়ে দ্বিগুণ করা হলেও পোশাককর্মীদের বেতন বাড়েনি। তাঁদের জন্য মজুরি বোর্ড গঠন করতে হবে। বর্তমান পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে নতুন করে মজুরি নির্ধারণ করতে হবে। সর্বনিম্ন মজুরি ১৫ হাজার টাকার কম করলে শ্রমিকেরা মানবেন না।