সিদ্ধিরগঞ্জে গাড়ি চাপায় স্কুলছাত্র নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গতকাল বুধবার স্কুলের সামনের রাস্তা পার হতে গিয়ে একটি প্রাইভেট কারের চাপায় সীমান্ত নামের এক ছাত্র নিহত হয়েছে।সীমান্ত (১০) সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও এলাকার সানরাইজ মডেল স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। সে সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া এলাকার আবদুস সালামের ছেলে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন সাংবাদিকদের বলেন, গতকাল বেলা ১১টার দিকে গোদনাইলের এসও এলাকায় স্কুলের সামনে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক পার হচ্ছিল সীমান্ত। ওই সময় সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমানের প্রাইভেটকার দ্রুত গতিতে যাওয়ার সময়ে সীমান্তকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সীমান্ত। স্থানীয়রা সীমান্তকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজিমউদ্দিন বলেন, ‘সীমান্তের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান বেলা দুইটায় ওর মৃত্যু হয় বলে জানতে পেরেছি।’যুবলীগের নেতা মতিউর রহমান দাবি করেন, দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।