সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গত সোমবার দিবাগত রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জামাল হোসেন (২২) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন জামালের খালাতো ভাই শফিউল্লাহ (২০)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে জামালের লাশ নিয়ে তাঁর স্বজনেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকার ফল ব্যবসায়ী জামাল ও তাঁর খালাতো ভাই শফিউল্লাহ সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। এ সময় একদল সশস্ত্র ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। ছিনতাইকারীরা জামালকে ছুরিকাঘাত ও শফিউল্লাহকে বেধড়ক মারধর করে টাকা ছিনিয়ে নেয়। পরে আশপাশের লোকজন দুজনকে উদ্ধার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জামালের মৃত্যু হয়।জামাল কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুবপুর এলাকার বাসিন্দা। তিনি সানারপাড়ের একটি বাসায় ভাড়া থাকতেন। এসআই হারুন জানান, এ ঘটনায় জামালের স্ত্রী রুমা আক্তার হত্যা মামলা করেছেন। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।