সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র খুন হয়েছে। তাঁর নাম ইলিয়াস আলী। শনিবার দিবাগত রাতে মিজমিজি পূর্বপাড়া এলাকায় ইলিয়াস আলীকে (২২) দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তাঁকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে ইলিয়াস খুনের ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে গতকাল রোববার সকালে সড়কে গাছের গুঁড়ি ফেলে অগ্নিসংযোগ করেন। একপর্যায়ে হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে প্রেমিকা ও তার বাবা এবং মাকে মারধর করলে পুলিশ গিয়ে উদ্ধারের পর তাদের আটক করে থানায় নিয়ে আসে। নিহত ইলিয়াস আলী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার রাত দুইটায় সদর উপজেলার মিজমিজি পূর্বপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে ইলিয়াস আলীকে মোবাইল ফোনে ঘর থেকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যাওয়া হয়। ইলিয়াস ঘর থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় ইলিয়াস আলীর আর্তচিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাঁকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে গতকাল রোববার সকালে ইলিয়াস খুনের ঘটনার খবর পেয়ে এলাকাবাসী স্থানীয় মিজমিজি-সিদ্ধিরগঞ্জ সড়ক অবরোধ করেন। তাঁরা সড়কে গাছের গুঁড়ি ও বাঁশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে তাঁরা ইলিয়াসের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে প্রেমিকা ও তার বাবা এবং মাকে আটক করে মারধর করে। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধদের সড়ক থেকে সরিয়ে দেয় এবং তাদের তিনজনকে উদ্ধারের পর আটক করে থানায় নিয়ে আসে। নিহত ইলিয়াসের বাবা ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, ইলিয়াস উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল। প্রেমঘটিত ঘটনার জের ধরে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আলম মোল্লা জানান, প্রেমঘটিত কারণে প্রতিপক্ষের হাতে ইলিয়াস আলী খুন হয়ে থাকতে পারে। তবে প্রকৃত ঘটনা উৎঘাটনের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।