সিদ্ধিরগঞ্জে জুস তৈরির কারখানার গুদামে অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইলে গতকাল সোমবার দুপুরে জুস তৈরির একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ওই কারখানার জুস তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে শিমরাইলের ওই জুস কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কারখানার গুদামে রাখা জুস তৈরির রাসায়নিক দ্রব্য, ক্যান, প্লাস্টিকের বোতল, তৈরি জুসসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, শহরের হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ও ঢাকা সদর দপ্তর থেকে একটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) রুহুল করিম বলেন, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তাঁরা বুঝতে পারছেন না।
এ ব্যাপারে ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা গতকাল বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। কী কারণে আগুন লেগেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।