সিদ্ধিরগঞ্জে জ্বালানি তেলের দোকানে আগুন, ছয়টি দোকান পুড়ে ছাই
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শুক্রবার বিকেলে জ্বালানি তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে জ্বালানি তেলের তিনটি, ঝুটের একটি ও মোটরপার্টসের দুটি দোকান। এ ছাড়া একটি খাবার হোটেলও পুড়ে গেছে। এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নিয়ন্ত্রণাধীন পদ্মা ডিপোর কর্মকর্তা ও কর্মচারীসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে গোদনাইলে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নিয়ন্ত্রণাধীন পদ্মা জ্বালানি তেলের ডিপো-সংলগ্ন এলাকায় নুরুল হক প্রধানের জ্বালানি তেলের দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শহরের হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আবদুর রাজ্জাক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানিয়েছেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।