সিদ্ধিরগঞ্জে ট্রাক খাদে, নিহত ২
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল আইলপাড়া এলাকায় গতকাল রোববার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে গেলে দুজন নিহত ও দুজন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন চালকের সহকারী খোকন মিয়া (২০), ও শ্রমিক চুন্নু মিয়া (২২)। তাঁদের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার পূর্বচিলা গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে আইলপাড়া এলাকায় বালুভর্তি ওই ট্রাকটি একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই খোকন ও চুন্নু মারা যান। ট্রাকের ওপর বসা অপর দুই শ্রমিক আহত হন। আহত ব্যক্তিদের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর নিহত ওই দুজনের লাশ উদ্ধার করেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম প্রথম আলোকে জানান, নিহত ব্যক্তিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।