সিদ্ধিরগঞ্জে ট্রাফিক পুলিশ বক্সে শ্রমিকদের হামলা
পিকআপ ভ্যানের চালককে মারধরের ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্রাফিক পুলিশ বক্সে গতকাল মঙ্গলবার পরিবহনশ্রমিকেরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ সময় শ্রমিকেরা ট্রাফিক পুলিশের সার্জেন্ট জিয়াউদ্দিন খানকে মারধর করেন। তাঁকে উদ্ধার করতে গেলে ট্রাফিক পুলিশের পরিদর্শক আতাউর রহমানও শ্রমিকদের হামলার শিকার হন। জিয়াউদ্দিনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর সামনে একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই চালকেরা গাড়ি দুটি সড়কে এলোপাতাড়ি দাঁড় করিয়ে ঝগড়ায় লিপ্ত হন। এতে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ পিকআপ ও অটোরিকশাটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার জন্য চালকদের বলেন। এ সময় পুলিশের সঙ্গে পিকআপের চালক সোহাগের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ট্রাফিক পুলিশ সোহাগকে লাঠি দিয়ে আঘাত করলে তাঁর কান ফেটে রক্ত বের হয়। এ খবর ছড়িয়ে পড়লে ৫০-৬০ জন পরিবহনশ্রমিক বিক্ষোভ শুরু করেন। তাঁরা ঘটনার জন্য দায়ী ট্রাফিক পুলিশের শাস্তি দাবি করেন ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাংশ অবরোধ করেন। এতে সকাল সাড়ে সাতটা থেকে পৌনে আটটা পর্যন্ত একপাশের যান চলাচল বন্ধ থাকে। পরে পরিবহনশ্রমিকেরা সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে দায়ী ট্রাফিক পুলিশের বিচার দাবি করেন। পুলিশ তাঁদের লিখিত অভিযোগ দিতে বললে পরিবহনশ্রমিকেরা থানা থেকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ফেরত আসেন। পরে শতাধিক শ্রমিক শিমরাইল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করেন।পরিদর্শক আতাউর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকটি পিকআপ ভ্যানে করে আসা শতাধিক মানুষ ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর করে। ওই সময় বক্সে থাকা সার্জেন্ট জিয়াউদ্দিন খানকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন হামলাকারীরা। জিয়াউদ্দিনকে রক্ষা করতে এসে তিনি নিজেও আহত হন। আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন শিমরাইল শাখার সভাপতি নূর হোসেন জানান, পরিবহনশ্রমিকদের মারধরের কারণে শ্রমিকেরা ক্ষুব্ধ ট্রাফিক পুলিশের ওপর হামলা করেছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।