সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে ধোলাই দিয়ে পুলিশে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে আটক করে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার ভোরে সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া নাভানা-ভূঁইয়া সিটি আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। তাঁরা হলেন রাজু (২২), জাহাঙ্গীর (২০) ও আপন (২৪)। এলাকাবাসী জানান, ভোরে সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়ার নাভানা-ভূঁইয়া সিটি আবাসিক এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন বিষয়টি টের পায়। এলাকার লোকজন ধাওয়া করে তিন ডাকাতকে আটক কের পুলিশে সোপর্দ করে। চুরি-ডাকাতি প্রতিরোধে স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল করেছে।সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ফারাহ খান দিবা জানান, স্থানীয় জনতা মিছিল নিয়ে তিন চোরকে আটক করে থানায় সোপর্দ করেছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, তারা ডাকাত নয়, চোর। এলাকার লোকজন তাদের আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করেছে।