সিদ্ধিরগঞ্জে দরপত্র নিয়ে আ.লীগ ও যুবলীগের সংঘর্ষ
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গতকাল সোমবার সকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে দুই ব্যক্তি আহত হয়েছে। দরপত্রের শিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহত দুই ব্যক্তিকে খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, সম্প্রতি পিডিবির সিদ্ধিরগঞ্জ ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কিছু পুরোনো অকেজো মালামাল নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। গতকাল ছিল শিডিউল জমা দেওয়ার শেষ দিন। বেলা ১১টার দিকে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নজরুল ইসলাম ও তাঁর সহযোগীরা অন্যদের শিডিউল জমা দিতে বাধা দেন। এতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা ক্ষুব্ধ হন। সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতালিব মিয়া ও জেলা ছাত্রলীগের সহসভাপতি শফিকুল ইসলাম এর প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের সংরক্ষিত এলাকার ভেতর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মারধরের ঘটনা ঘটে। নজরুলের সহযোগীরা থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন ও ছাত্রলীগের কর্মী সফুরকে বেধড়ক পিটুনি দেয়। এতে তাঁরা আহত হন। দুইজনকে ২০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম বলেন, ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে দরপত্র জমা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।