সিদ্ধিরগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল বুধবার জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি এনায়েতনগর এলাকার হাসনা বানু ও প্রতিবেশী মাসুদ শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল সকাল ১০টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দা নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে কালু মাস্তান, আ. রহমান ও জয় নামে তিনজনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে বাবু, হাসনা বানু, পপি আক্তার, মাসুদ শেখ, হেনা, হূদয়, সুরভী, হ্যাপি, ইকবাল, সুমি আক্তারসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। তাঁদের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হাসনা বানু অভিযোগ করেন, সংঘর্ষের সময় মাসুদ শেখ ও তাঁর লোকজন তাঁদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তবে অভিযোগ অস্বীকার করে মাসুদ শেখ বলেন, ‘আমার কেনা জায়গা দীর্ঘদিন ধরে হাসনা বানু দখল করে রেখেছেন।’ সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমির মালিকানা নিয়ে হাসনা বানুর সঙ্গে মাসুদ শেখের আদালতে মামলা চলছে। সংঘর্ষের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।