সিদ্ধিরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ চারজন গুলিবিদ্ধসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী ভূঁইয়াপাড়া এলাকায় গতকাল সোমবার জলাশয় ভরাটের ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগ নামধারী আমির হোসেন ও সেলিম ওরফে টুন্ডা সেলিমের পক্ষ সিদ্ধিরগঞ্জের গোদনাইলের নয়ামাটি, কুতুবপুর ও টাগারপাড় এলাকায় এবং যুবলীগ নামধারী মহসিন ও নাসিরের পক্ষ শান্তিধারা এলাকায় জলাশয় ভরাটের ব্যবসা করে। সম্প্রতি আমির ও সেলিমের পক্ষ শান্তিধারা এলাকায় জলাশয় ভরাটের জন্য ড্রেজিংয়ের পাইপ বসানোর কাজ শুরু করলে দুই পক্ষের মধ্যে বিরোধ বাধে। দুই পক্ষের বিরোধ নিরসনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লার উদ্যোগে গতকাল দুপুরে গোদনাইলের মধুগড় এলাকায় কাউন্সিলের কার্যালয়ে সমঝোতা বৈঠক বসে। বৈঠক চলাকালে মহসিনের গোদনাইলের ভূঁইয়াপাড়ার বাড়িতে প্রতিপক্ষ হামলা চালিয়ে ভাঙচুর ও গুলিবর্ষণ করে। এরপর সমঝোতা বৈঠক ভেস্তে যায়। পরে বিবদমান দুই পক্ষের লোকজন ভূঁইয়াপাড়া এলাকায় বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। দুই পক্ষই শটগান ও রিভলবার ব্যবহার করে। প্রত্যক্ষদর্শীরা বলেন, কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে থামানোর চেষ্টা করলে আমির ও সেলিমের পক্ষের লোকজন তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে রুহুল আমিনের ছোট ভাই খোকন মোল্লার শরীরে বিদ্ধ হয়। এ ছাড়া সংঘর্ষে মো. আলী, মনির ও কামাল নামের তিন ব্যক্তি গুলিবিদ্ধ হন। জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, বালু ভরাটের ব্যবসার প্রাধান্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।