সিদ্ধিরগঞ্জে দেয়াল ধসে বৃদ্ধসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে দেয়াল ধসে ৮০ বছরের এক বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে দুই শিশু। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার দুপুর আড়াইটায় গোদনাইল নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ওই এলাকার মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া লুৎফর রহমানের স্ত্রী ঝর্ণা আক্তার (৫০) ও আবদুর রব। আহত শিশুরা হলো সুরাইয়া আক্তার (৮) ও ডলি আক্তার (৭)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার গোদনাইল নয়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়াদের জন্য পানির হাউস (চারদিকে দেয়াল দিয়ে তৈরি করা) দেয়াল ধসে পড়ে। এ সময় গোসল করতে থাকা ওই বাড়ির ভাড়াটিয়া ঝর্ণা বেগম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত বৃদ্ধ আবদুর রবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্যদিকে শিশু সুরাইয়া আক্তার ও ডলি আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।