সিদ্ধিরগঞ্জে নকল জুসের কারখানা সিলগালা, দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি নকল জুস তৈরির কারখানায় গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস, রাসায়নিক দ্রব্য ও জুস তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম জানান, মিজমিজি পশ্চিমপাড়ার জান্নাত ফুড প্রোডাক্ট নামের ওই কারখানায় অভিযান চালিয়ে তিন হাজার ১২০ পিস নকল রিমি ম্যাঙ্গো জুস, ২১৬ পিস রিচি ড্রিংকিং জুস, ৪৮ পিস নকল টাইগার জুস, তিনটি জুস তৈরির মেশিন, রাসায়নিক পদার্থ-ভর্তি আটটি ড্রাম উদ্ধার করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। কারখানার ম্যানেজার মনির ও শ্রমিক নির্মলকে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সাবেরা বেগম।