বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদ এবং আগামী রোববারের হরতালের সমর্থনে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নগর যুবদল। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ী এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমতাজ উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার। অন্যদের মধ্যে শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, সদস্যসচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক আলী হোসেন প্রধান, সাবেক পৌর প্রশাসক আবদুর মতিন প্রধান, পারভেজ আহমেদ, নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন নগর যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের সহ-শ্রমবিষয়ক সম্পাদক মাকছুদুল আলম খন্দকার। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তৈমুর আলম খন্দকার বলেন, সরকার বুঝতে পেরেছে তাদের দিন শেষ। তাই ইলিয়াস আলীর মতো প্রতিষ্ঠিত নেতাকে অপহরণ করে বিএনপির আন্দোলনকে নসাৎ করার চেষ্টা করছে। তিনি অবিলম্বে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান এবং আগামী রোববারের হরতালে বাধা দেওয়া হলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।