সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েলের ডিপোতে তেল কম দেওয়ার অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নিয়ন্ত্রণাধীন পদ্মা অয়েল কোম্পানির জ্বালানি তেলের ডিপোতে তেল মাপে কম দেওয়ার অভিযোগে ট্যাংকলরি চালক ও শ্রমিকেরা গতকাল সোমবার তেল উত্তোলন বন্ধ রেখে বিক্ষোভ করেছে।বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন পদ্মা ডিপো শাখার সভাপতি ফজলুল হক অভিযোগ করেন, প্রতিটি ট্যাংকলরিতে নয় লিটার থেকে ২৭ লিটার পর্যন্ত তেল কম দেওয়া হয়। সোমবার তেল কম দিতে থাকলে ট্যাংকলরির শ্রমিকেরা বিমানের জ্বালানি তেল উত্তোলন বন্ধ করে দিয়ে প্রতিবাদ জানায়। এ সময় ডিপো ইনচার্জ আজিজুল হক সরকার ও তাঁর লোকজন ট্যাংকলরি শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। খবর পেয়ে ট্যাংকলরি মালিক সমিতির নেতারা ঘটনাস্থলে গেলে ডিপো ইনচার্জ তাঁদের সঙ্গেও অসদাচরণ করেন।ট্যাংকলরি শ্রমিকদের অভিযোগ, ডিপো কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা করে একটি চক্র দীর্ঘদিন ধরে পদ্মা অয়েল ডিপোর তেল চুরির সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে র্যাব অভিযান চালিয়ে গ্রেপ্তার ও মামলা করা সত্ত্বেও তেল চুরি বন্ধ হয়নি।এ বিষয়ে ডিপো ইনচার্জ আজিজুল হক জানান, ‘ডিপোর কারিগরি সমস্যার কারণে ট্যাংকলরিতে তেল বেশি যেত। আমরা ওই সমস্যা সমাধানের চেষ্টা করলে ট্যাংকলরি শ্রমিকেরা তেল উত্তোলন বন্ধ রাখে।’পদ্মা অয়েল কোম্পানির ডিপো ম্যানেজার মনিরুজ্জামানও মাপে কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।