সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডে ওয়াসার পানি সরবরাহের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল শনিবার নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে ধনকুন্ডা উত্তরপাড়ার মানুষ এ কর্মসূচি পালন করে।
বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা উত্তরপাড়ার কয়েক শ নারী-পুরুষ কলসি ও ওয়াসার ময়লা পানি রাস্তায় ফেলে বিক্ষোভ শুরু করে। এ সময় সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে ওয়াসা চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে পারছে না। এমনকি কোনো কোনো এলাকায় একেবারেই পানি পাওয়া যাচ্ছে না। এতে এলাকাবাসী চরম ভোগান্তি পোহাচ্ছে। এর আগেও ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষ ওয়াসার পানির দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। কিন্তু এখন পর্যন্ত এর সমাধান হয়নি। তাই ধনকুন্ডা উত্তরপাড়া এলাকার শত শত নারী ও পুরুষ রাস্তায় এসেছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চাহিদা অনুযায়ী ওয়াসার পানি না পাওয়ায় রাস্তায় নেমেছিল। ওয়াসার নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে পর্যাপ্ত পানি সরবরাহের আশ্বাস দিলে এলাকাবাসী রাস্তা থেকে সরে যায়।’