নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল সোমবার বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পোশাকশ্রমিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পোশাকশ্রমিকেরা বলেছেন, আদমজী ইপিজেডের হাইল্যান সোয়েটার ইন্টারন্যাশনালের কারখানা গত ৪ জানুয়ারি বন্ধ করে দেয় বেপজা কর্তৃপক্ষ। বন্ধ হওয়া ওই কারখানার শ্রমিকদের পাওনা গতকাল সোমবার পরিশোধ করার কথা ছিল। সকালে আট শতাধিক শ্রমিক তাঁদের বকেয়া বেতন নিতে কারখানায় আসেন। কর্তৃপক্ষ এদিন বকেয়া দেওয়া হবে না জানালে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা কারখানার জানালা-দরজা ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করেন। প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুড়লে পুলিশ লাঠিপেটা করে। সংঘর্ষে শ্রমিক জাহাঙ্গীর, আমীর, আল-আমিন, আকবর, শারমীন, সুমন, অহিদুল ইসলাম, গোলাম হায়দার ও ইমাম আলীসহ আহত হন ১৫ জন।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।