সিদ্ধিরগঞ্জে প্রকৌশলীকে পেটালেন ছাত্রলীগের নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পৌরসভার এক উপসহকারী প্রকৌশলীকে পিটিয়ে কার্যালয় থেকে টেনেহিঁচড়ে বের করে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় জেলা ছাত্রলীগের সহসভাপতি শফিকুল ইসলামসহ তাঁর কর্মীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রকৌশলী ইসমাইল হোসেন ভূঁইয়া।লিখিত অভিযোগে জানা গেছে, গত বছরের ৩০ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) ইসমাইল হোসেন ভূঁইয়াকে সাতকানিয়া পৌরসভায় এবং তাঁর স্থলে দাউদকান্দি পৌরসভার হাসানুল ইসলামকে বদলি করা হয়। ওই বছরের ২৬ ডিসেম্বর ওই বদলির আদেশ স্থগিত করে দুই প্রকৌশলীকে আগের পদে যোগদানের আদেশ দেওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর একটার দিকে প্রকৌশলী ইসসাইল সিদ্ধিরগঞ্জ পৌরসভা কার্যালয়ে তাঁর কক্ষে যান। সঙ্গে সঙ্গে ছাত্রলীগের নেতা শফিকুল ও তাঁর কর্মীরা ইসমাইলকে ওই কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে আনেন। একপর্যায়ে তাঁরা ইসমাইলকে এলোপাতাড়ি মারধর করে পৌরসভা কার্যালয় থেকে বের করে দেন। এ ঘটনায় পৌরসভায় বিভিন্ন কাজে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে ইসমাইল হোসেন জানান, ‘সিদ্ধিরগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী হওয়া সত্ত্বেও পৌর প্রশাসক আমাকে অজ্ঞাত কারণে পৌরসভার কোনো কাজেই অংশগ্রহণ করতে দিচ্ছে না। ছাত্রলীগের ক্যাডাররা আমাকে আমার কক্ষ থেকে টেনেহিঁচড়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে বের করে দেয়।’ এ ব্যাপারে ছাত্রলীগের নেতা শফিকুল ইসলাম দাবি করেন, ‘উপসহকারী প্রকৌশলী ইসমাইল হোসেনকে অন্যত্র বদলি করা হয়েছে। কিন্তু তিনি সেখানে না গিয়ে মাতাল অবস্থায় জোর করে আরেক প্রকৌশলীর চেয়ারে বসে পড়েন। অবস্থা বেগতিক দেখে আমার কিছু কর্মী তাঁকে পৌরসভা থেকে বের করে দেন।’ ইসমাইলকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আশরাফ জানান, উপসহকারী প্রকৌশলীর অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।