সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও বিক্ষোভ প্রদর্শন করেন। গতকাল রোববার সকালে গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলেচনা করে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে দুপুর ১২টায় সড়কে যান চলাচল শুরু হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে সদর উপজেলার গোদনাইল এলাকার চৌধুরীবাড়ির ভূঁইয়াপাড়া এলাকায় অবস্থিত রপ্তানিমুখী রেক ওয়ার্ক লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা দুই মাসের বকেয়া বেতন, ওভারটাইম এবং যাতায়াতের জন্য পরিবহন-ব্যবস্থার দাবিতে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। তাঁরা কারখানার ভেতরে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে তাঁরা রাস্তায় নেমে আসেন।শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে এবং সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন এবং সড়ক অবরোধ করেন। এ কারণে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ওই সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের আলোচনা করে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক অবরোধ তুলে নেন।কারখানার সুইং অপারেটর আঁখি, রোজিনা, লাভলু অভিযোগ করেন, দুই মাস ধরে তাঁদের বেতন ও ওভারটাইম দেওয়া হচ্ছে না। এ ছাড়া তাঁদের যাতায়াতের জন্য পরিবহন-ব্যবস্থাও আকসিঞ্চক বন্ধ করে দেওয়া হয়েছে। বারবার বকেয়া বেতনের জন্য তাগাদা দিলেও মালিকপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে তাঁরা জানান। এ ব্যাপারে যোগাযোগ করেও মালিকপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আলম মোল্লা জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি জানান।