সিদ্ধিরগঞ্জে বজ্রপাতে গ্যাসের রাইজারে আগুন, আহত ১০
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল দুপুরে বজ্রপাতে গ্যাসের রাইজার থেকে আগুন লেগে ছয়টি ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে ও ঘরের মালামাল সরাতে গিয়ে আহত হয়েছেন ১০ জন। আহতদের মধ্যে রয়েছেন সবুজ মিয়া, জসিম উদ্দিন, লাইলী আক্তার, আমজাদ হোসেন ও মাইনউদ্দিন।ডেমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গ্রুপ লিডার আবদুল মান্নান জানান, দুপুর একটার দিকে বৃষ্টির সময় বজ্রপাত হয়। বজ্রপাতে গ্যাসের রাইজার ফেটে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার রওশন আরা বেগমের ভাড়া দেওয়া বাড়িতে আগুন লাগে। এতে টিনশেডের ছয়টি ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাড়াটিয়ারা সবাই পোশাক কারখানায় চাকরি করেন। ভাড়াটিয়া সোহেল জানান, তাঁর ঘরে ১০ হাজার টাকা, মাইনউদ্দিনের ঘরে ২০ হাজার, সবুজের ঘরে ১২ হাজার, জসিমের ঘরে ১৫ হাজার টাকা ছিল। অগ্নিকাণ্ডে টাকাসহ তাঁদের ঘরের সব মালামাল্রপুড়ে গেছে।