সিদ্ধিরগঞ্জে বাসচাপায় গার্মেন্টস শ্রমিক নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ বুধবার সকালে আদমজী ইপিজেড সড়কের গোদনাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত গার্মেন্টস শ্রমিক তানিয়া আক্তার (২৮) সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি এলাকার রাজন মিয়ার স্ত্রী। নিহত তানিয়া অনন্ত গার্মেন্টসের শ্রমিক ছিলেন।
আহত শ্রমিকদের উদ্ধার করে প্রথমে নগরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জসীম উদ্দিন জানান, সকাল সাড়ে সাতটার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাযোগে কর্মস্থলে যাওয়ার পথে বেকার পরিবহনের একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী তানিয়া নিহত হন। গুরুতর আহত হন আরও দুই শ্রমিক।