সিদ্ধিরগঞ্জে বাসচাপায় দাদি-নাতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ি তাঁতখানা এলাকায় গতকাল শুক্রবার দুপুরে বাসের চাপায় দাদি ও তাঁর নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন হাজেরা বেগম (৫০) ও হেমন্ত (৭)। গুরুতর আহত হয়েছে হেমন্তের ছোট ভাই চার বছর বয়সী নীরব। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন বাসটি ও কাউন্টার ভাঙচুর করে। তাঁরা প্রায় দুই ঘণ্টা নারায়ণগঞ্জ-শিমরাইল সড়ক অবরোধ করে রাখে। জানা গেছে, গতকাল দুপুরে ঢাকা থেকে বেকার পরিবহনের একটি বাসে করে হাজেরা তাঁর দুই নাতি হেমন্ত ও নীরবকে নিয়ে নারায়ণগঞ্জের পাঠানটুলী তাঁতখানা এলাকায় ছেলের বাড়িতে বেড়াতে আসছিলেন। চৌধুরীবাড়ি তাঁতখানা এলাকায় হাজেরা বেগম বাস থেকে নামার পর বাসটি দ্রুত যাওয়ার চেষ্টা করলে বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান হাজেরা ও হেমন্ত। এ সময় বিক্ষুব্ধ লোকজন বাসটি ভাঙচুর করে। তারা বেকার পরিবহনের কাউন্টার ভাঙচুর ও সড়ক অবরোধ করে। এতে প্রায় দুই ঘণ্টা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।