সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কার্যালয় ভাঙচুর কাঁচপুরে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হয়রানি ও অতিরিক্ত বিলের প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রাহকেরা গতকাল সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) রাজস্ব কার্যালয় ঘেরাও ও ভাঙচুর করেছেন। একই অভিযোগে কাঁচপুরে সমাবেশ করেছেন পল্লী বিদ্যুতের গ্রাহকেরা।জানা গেছে, দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের গ্রাহকেরা সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির রাজস্ব কার্যালয় ঘেরাও করেন। একপর্যায়ে তাঁরা কার্যালয়ের আসবাব, কম্পিউটার ও দরজা-জানালা ভাঙচুর করেন। সিদ্ধিরগঞ্জ এলাকার গ্রাহক আসলাম মিয়া, জয়নাল আবেদীন ও হান্নান জানান, ডিপিডিসির এ কার্যালয় থেকে চলমান বিলের সঙ্গে ইচ্ছে করে আগের বিল জুড়ে দেওয়া হয়। গ্রাহকেরা আপত্তি জানালে ঘুষ দাবি করা হয়। এ ছাড়া অতিরিক্ত মিটার রিডিং দেখিয়ে বেশি বিল করা হচ্ছে।এ ব্যাপারে কথা বলতে ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ কার্যালয়ে গিয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।এদিকে কাঁচপুর সেনপাড়া জামে মসজিদ মার্কেটের সামনে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গতকাল সকাল ১০টার দিকে বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী। এতে সভাপতিত্ব করেন করম আলী। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কাঁচপুর এলাকার আবাসিক বাড়িতে যেখানে চার-পাঁচটি মিটার দরকার, সেখানে পল্লী বিদ্যুৎ সমিতি একটি মিটার দিয়ে রেখেছে। ফলে বিলের পরিমাণ বেড়ে গেছে। বাড়িওয়ালারা মিটারসংখ্যা বাড়াতে বললেও পল্লী বিদ্যুৎ বাড়াচ্ছে না। এ এলাকার ভাড়াটিয়াদের প্রায় সবাই পোশাকশিল্পের শ্রমিক হওয়ায় অতিরিক্ত বিলের চাপ তাঁদের ওপরও পড়ছে। অন্যদিকে বাড়িওয়ালারা অতিরিক্ত বিল দিতে গিয়ে তাঁদের আয় অনেক কমে যাচ্ছে।