নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল রোববার ট্রাকচাপায় আলী আজম (৭০) নামের বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন পথচারীসহ আরও চারজন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় বিকেল পাঁচটার দিকে একটি মোটরসাইকেল ও সড়কের পাশে থাকা পথচারীদের দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলী আজম নিহত হন। তিনি সদরের দক্ষিণ সানারপাড় এলাকার বাসিন্দা ছিলেন। এ সময় পথচারী সুমী আক্তার, আবদুল মান্নানসহ আরও চারজন আহত হন। পরে গুরুতর আহত সুমী ও মান্নানকে আশঙ্কাজনক অবস্থায় আশপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ছাড়া আহত অন্য দুজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ঘাতক ট্রাকটির চালক ও চালকের সহকারীকে আটক করা হয়েছে।