সিদ্ধিরগঞ্জে বেবিট্যাক্সির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, নিহত ৩
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যান ও বেবিট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন নারীসহ তিনজন নিহত হয়েছেন। গত বুধবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, বুধবার দিবাগত রাত একটার দিকে ঢাকেশ্বরী এলাকায় শিমরাইলগামী একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো ট- ১১-৩৭২৩) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বেবিট্যাক্সির (ঢাকা থ-০২৬৬০৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বেবিট্যাক্সিটি ২০-২৫ ফুট দূরে ছিটকে পড়লে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বেবিট্যাক্সির চালক মো. মুছা (২৩) ও যাত্রী সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড এলাকার জালাল ভূঁইয়া (৩০)। এ ছাড়া গুরুতর আহত হন একজন অজ্ঞাতপরিচয় নারী (৩০) যাত্রী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।