সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ সদর উপজেলায় রাসেল মিয়া (৩৫) নামের এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ওই ঘটনা ঘটে।
রাসেল মিজমিজি এলাকার বাবুল মিয়ার ছেলে। রাসেলের বড় ভাই ইমরান হোসেন সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাড়ির কয়েক শ গজ দূরে চার-পাঁচজন যুবক ধারালো অস্ত্র দিয়ে রাসেলকে কুপিয়ে জখম করে। বাধা দিলে আরও দুজনকে মারধর করে দুর্বৃত্তরা। আশপাশের লোকজন রাসেলকে গুরুতর অবস্থায় শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ইমরান আরও জানান, মিজমিজিতে তাঁদের বাড়ির পাশেই কাপড়ের দোকান রয়েছে রাসেলের। কিছুদিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক ব্যবসায়ী ফারুকসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় মাদক ব্যবসায়ীরা সন্দেহ করেন রাসেলই তাঁদের ধরিয়ে দিয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।