সিদ্ধিরগঞ্জে ভুয়া ওসি গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গতকাল বৃহস্পতিবার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভুয়া পরিচয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে মাসুদ রানা (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, গতকাল সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে দায়িত্ব পালনরত সার্জেন্ট জিয়ার কাছে গিয়ে মাসুদ রানা নিজেকে ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি বলে পরিচয় দেন। এ পরিচয়বলে তিনি তদবিরের চেষ্টা চালান। মাসুদ রানার কথাবার্তা ও আচরণে সার্জেন্ট জিয়ার সন্দেহ হয়। জিয়া তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে মাসুদ রানা প্রতারণার উদ্দেশ্য নিয়ে আসার কথা স্বীকার করেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তারকৃত মাসুদ রানা সিদ্ধিরগঞ্জের নিমাইকাসারী এলাকার হাজি আম্বর মঞ্জিলের ইউনুস আলীর বাড়ির ভাড়াটে। এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে।