সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবা ব্যবসার মামলায় দুজনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
আদালত আসামি দেলোয়ার হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেন। আরেক আসামি শফিকুল ইসলামকে ৫ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেনের (২৪) বাড়ি কক্সবাজারের টেকনাফে এবং শফিকুল ইসলামের (৪২) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।
সরকারি কৌঁসুলি (পিপি) এস এম ওয়াজেদ আলী জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার মামলায় ওই দুজনকে পৃথক মেয়াদে দণ্ডাদেশ দেন আদালত। বিচার চলাকালে ১৬ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। তিনি বলেন, ২০১৫ সালের ৫ এপ্রিল সিদ্ধিরগঞ্জের নয়াআঁটি এলাকায় ক্রেতা সেজে র্যা ব-১১-এর সদস্যরা ৫০ হাজার ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম ও দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।