সিদ্ধিরগঞ্জে মেলার নামে চলে অশ্লীল নৃত্য ও জুয়া
এক মাসেরও বেশি সময় ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল ট্রাকস্ট্যান্ডে মেলার নামে চলছে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর। পাশাপাশি চলছে মাদকের ব্যবসা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, উচ্চ আদালতের (হাইকোর্ট) অনুুমতি নিয়ে ১ জুন থেকে এ মেলা চলছে। মেলায় জুয়া, অসামাজিক কার্যকলাপ সম্পর্কে পুলিশের কাছে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেন নেপথ্যে থেকে এ মেলা চালাচ্ছেন। তিনি আওয়ামী লীগদলীয় সাবেক সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে এলাকায় পরিচিত।
১৭ এপ্রিল শিমরাইল এলাকার ফরহাদ হোসেন নামের এক ব্যক্তি মেলায় যাতে কেউ বাধা সৃষ্টি করতে না পারে এ জন্য হাইকোর্টের রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহম্মেদের হাইকোর্ট বেঞ্চ বৈধ ব্যবসা (ওয়ান টেন, ওয়ান এইট, তাস খেলা, চার্চারি, ডাইস, হাউজি খেলা, র্যাফেল ড্র) ও সাংস্কৃতিক অনুষ্ঠানে (গীতিনাট্য ও যাত্রাপালা) বাধাদান ও হস্তক্ষেপ না করার আদেশ দেন। একই সঙ্গে মেলায় ইনডোর গেমসের নামে অবৈধ কর্মকাণ্ড না করার নির্দেশ দেওয়া হয়। এরপর ১ জুন থেকে মেলা শুরু হয় এখন পর্যন্ত চলছে। গত শনিবার দুপুর ১২টায় দেখা যায়, কাঁচপুর সেতুতে একটি রিকশা-ভ্যানের ওপর একটি নতুন মোটরসাইকেল বসিয়ে মাইকিং করা হচ্ছে—‘আজ রাতে শিমড়াইল ট্রাক টার্মিনালে হাউজি খেলায় এই মোটরসাইকেলটি প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে।’
ওই রাতে ট্রাক টার্মিনালে দেখা যায়, মেলার প্যান্ডেলের পূর্ব পাশে জুয়ার আসর বসেছে। সন্ধ্যা সাতটা থেকে সারা রাত চলে এ আসর। প্যান্ডেলের সামনে লাকি কুপনের মঞ্চ। রাত ১০টায় শুরু হয় কুপনের ড্র। প্যান্ডেলে রাত সাড়ে আটটা থেকে হাউজি খেলা শুরু হয়ে চলে সাড়ে ১১টা পর্যন্ত। রাত ১০টা থেকে শুরু হয় ওয়ান টেন জুয়া। কয়েকজন জুয়াড়ি জানান, প্রতিরাতে কমপক্ষে ৫০ লাখ টাকার ওয়ান টেন জুয়া খেলা হয়। এ ছাড়া চরকি, চক্কা, তাস দিয়ে খেলা হয় লাখ লাখ টাকার জুয়া। শিমরাইল এলাকার রহম আলীর নেতৃত্বে জুয়াড়িরা এখানে জুয়ার আসর বসান।
রহম আলী বলেন, হাইকোর্টের অনুমোদন নিয়ে এ আসর বসানো হয়েছে। অনুমোদনে যাত্রার পাশাপাশি জুয়া খেলা চলার কথাও উল্লেখ আছে।
প্যান্ডেলের পশ্চিম পাশেই রয়েছে মাদকের হাট। যাত্রা আসরে আসা মাদকসেবীদের জন্য মদ, গাঁজা, হেরোইন, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেটসহ সব ধরনের মাদক প্রকাশ্যে বিক্রি হচ্ছে। রাত ১২টার পর থেকে শুরু হয় যাত্রা পালা। যাত্রার টিকেট ১০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করা হয়। নামে যাত্রাপালা হলেও প্রকৃতপক্ষে চলে অশ্লীল নৃত্য।
এলাকাবাসী জানান, জুয়া আর তরুণীদের অশ্লীল নৃত্য দেখার জন্য টিকিটের টাকা সংগ্রহ করতে যুবসমাজ জড়িয়ে পড়ছে অপরাধমূলক কর্মকাণ্ডে। এতে এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
গত মঙ্গলবার কাউন্সিলর নূর হোসেন প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের অনুমতি নিয়ে মেলা চলছে। মেলায় উল্টাপাল্টা কিছু হচ্ছে না।’