সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও শ্রমিক দলের সংঘর্ষে আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় গতকাল মঙ্গলবার যুবলীগ ও শ্রমিক দলের সংঘর্ষে নয়জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হরতালে গোদনাইলে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নিয়ন্ত্রণাধীন মেঘনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রাখতে মিছিল করেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি আসলাম ও তাঁর লোকজন। এতে সকাল থেকে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকে এবং ট্যাংকলরিগুলো ডিপোর বাইরে সড়কে সারিবদ্ধভাবে রাখা হয়। সকাল ১০টার দিকে ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে লোকজন ডিপোতে গিয়ে ট্যাংকলরিতে জ্বালানি তেল দিতে চাপ দেন। এ সময় শ্রমিক দলের নেতা-কর্মীরা ঘটনাস্থলে এসে হরতালের সমর্থনে মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে যুবলীগের নেতা সাদ্দাম, সোহেল, উজ্জ্বল, ফেরদৌস, রনি ও লিটন এবং শ্রমিক দলের সারোয়ার, শিপন ও জালাল আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জের ধরে সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের কার্যালয় ভাঙচুর করা হয়। কাউন্সিলর বলেন, জ্বালানি তেল ব্যবসায়ীরা তাঁর কার্যালয়ে সভা করার সময় যুবলীগের লোকজন হামলা ও ভাঙচুর চালায়। অভিযোগ অস্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘কাউন্সিলর সিরাজের চাচাতো ভাই সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি আসলামের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালান। আমাদের ফাঁসানোর জন্য কাউন্সিলের লোকজন নিজেরাই অফিস ভাঙচুর করেছেন।’