সিদ্ধিরগঞ্জে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত
নারায়ণগঞ্জের সদর উপজেলা সিদ্ধিরগঞ্জের আঁটি হাউজিং এলাকায় গত শনিবার দিবাগত রাতে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম ফজল হক ওরফে ক্যাডার ফজলু (৪২)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার লামাপাড়া এলাকায়। র্যা ব জানিয়েছে, ফজল একজন সন্ত্রাসী।র্যা ব-১১ আদমজী ক্যাম্পের দায়িত্বশীল একজন কর্মকর্তার ভাষ্যমতে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে র্যা বের একটি দল আঁটি হাউজিং এলাকায় টহল দিচ্ছিল। এ সময় তারা জানতে পারে, এই এলাকায় কয়েকজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র কেনাবেচা করছেন। র্যা বের সদস্যরা ঘটনাস্থলে গেলে অস্ত্র ব্যবসায়ীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালান। আত্মরক্ষার্থে র্যা বের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। উভয় পক্ষের মধ্যে ২০-৩০টি গুলি বিনিময় হয়। একপর্যায়ে অস্ত্র ব্যবসায়ীরা পিছু হটেন। এ সময় ফজলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁর কাছ থেকে একটি গুলিভর্তি বিদেশি পিস্তল ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। তাঁকে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজলকে মৃত ঘোষণা করেন। গুলিবিনময়কালে র্যা বের এক সদস্যও আহত হয়েছেন। র্যা ব জানায়, ফজলের বিরুদ্ধে অপহরণ, হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।এদিকে নিহত হওয়া ফজলের ভাগনে সোহেল ও চাচাতো ভাই নাছিরউদ্দিন জানান, শনিবার রাত সাড়ে নয়টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাসস্ট্যান্ড থেকে সাদা পোশাকপরা কয়েকজন ব্যক্তি ফজলকে তুলে নিয়ে যান। রোববার ভোরে তাঁরা জানতে পারেন, ফজল র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন। ফজলের পরিবারের সদস্যরা জানান, ফজল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও তাঁর কোনো পদ ছিল না।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।