সিদ্ধিরগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দ্বীন ইসলাম নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় গতকাল সোমবার ভোরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী দ্বীন ইসলাম ওরফে দ্বীনা ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই র‌্যাব সদস্য। উদ্ধার করা হয়েছে গুলিভর্তি একটি বিদেশি রিভলবার, দেশে তৈরি একটি পাইপগান ও একটি রামদা।র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ভোরে আটি হাউজিং এলাকায় র‌্যাব-১১ আদমজী ক্যাম্পের একটি দল টহল দিচ্ছিল। এ সময় র্যাব সদস্যদের দেখে ডাকাতেরা দৌড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করলে তাঁরা গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। উভয় পক্ষের মধ্যে প্রায় ১৫ মিনিট গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দ্বীনা ডাকাতকে উদ্ধার করা হয়। তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পুলিশ সূত্র জানায়, দ্বীনা ডাকাত আটি এলাকার রোস্তম আলীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে মামলা করেছে।