সিদ্ধিরগঞ্জে শিশুদের জন্য ক্যানসার হাসপাতাল হচ্ছে
নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকায় শিশুদের জন্য ২৬ শয্যাবিশিষ্ট ক্যানসার হাসপাতাল তৈরি হচ্ছে। ইতিমধ্যে হাসপাতালটির পাঁচতলা ভবনের দোতলার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। আগামী মার্চ-এপ্রিল নাগাদ হাসপাতালটি চালু হবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন।জানা গেছে, বাংলাদেশ চাইল্ডহুড ক্যানসার সোসাইটি ও রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর, ঢাকার যৌথ উদ্যোগে ওমরপুরে আট কাঠা জমির ওপর ওই হাসপাতাল নির্মিত হচ্ছে। হাসপাতালটির নাম রাখা হয়েছে বাংলাদেশ চাইল্ডহুড ক্যানসার সোসাইটি হাসপাতাল।হাসপাতালের নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করতে চাইল্ডহুড ক্যানসার সোসাইটি ও রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগরের এক যৌথ সভা গত শুক্রবার দুপুরে ওমরপুরে নির্মাণাধীন হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগরের সভাপতি অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিসি ব্যাংকের পরিচালক খায়রুল আলম চাকলাদার, জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস আই খান, রোটারিয়ান আলাউদ্দিন, সিদ্ধিরগঞ্জ পৌরসভার প্রশাসক আবদুল মতিন প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও হাসপাতালটির জন্য জমিদাতা রোটারিয়ান মো. আবদুর রব। উদ্যোক্তারা জানান, ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্যানসারে আক্রান্ত শিশু রোগীদের ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় দূরদূরান্ত থেকে আসা সাধারণ রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা পায় না। সিদ্ধিরগঞ্জের ২৬ শয্যার এই হাসপাতালে ক্যানসারে আক্রান্ত শিশুদের থাকা, খাওয়া ও সেবার ব্যবস্থা থাকবে। অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের এখান থেকে চিকিৎসাসেবার জন্য বিএসএমএমইউতে আনা-নেওয়া করা হবে। হাসপাতালটির ভবনের নিচতলায় একটি সাধারণ হাসপাতাল থাকবে। সেখানে বিনা মূল্যে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে।