সিদ্ধিরগঞ্জে শ্বাসরোধে পোশাককর্মীকে হত্যা স্বামী পলাতক
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে এক পোশাককর্মীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সকালে সানারপাড় এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক।নিহত পোশাককর্মীর নাম সুলতানা লিপি (২৩)। তিনি সিদ্ধিরগঞ্জের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। স্বামী দুদু মিয়া পেশায় রিকশাচালক। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার নয়কুড়া এলাকায়। এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, গত মঙ্গলবার রাতে সুলতানা লিপির সঙ্গে দুদু মিয়ার ঝগড়া হয়। গতকাল সকালে ঘরের মেঝেতে লিপির লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে বাড়ির লোকজন খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।এসআই আরও জানান, লিপির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই স্বামী দুদু মিয়া পলাতক। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।