সিদ্ধিরগঞ্জে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, যানবাহন ভাঙচুর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল সোমবার আদমজী ইপিজেডের একটি সোয়েটার কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় প্রায় এক ঘণ্টা নারায়ণগঞ্জ-ডেমরা সড়কে যান চলাচল বন্ধ ছিল। শ্রমিকেরা ১৪-১৫টি যানবাহন ভাঙচুর করেন।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে হাইল্যান সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকেরা কয়েক দিন ধরে আন্দোলন করছেন। গত রোববার শ্রমিকেরা কারখানায় ভাঙচুর ও কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। ওই দিন বিকেলে এ নিয়ে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠক বসে। বৈঠকে সমঝোতা না হওয়ায় মালিকপক্ষ দুই দিনের জন্য কারখানা বন্ধের ঘোষণা দেয়। গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে ইপিজেডের ভেতরে ঢুকতে চাইলে তাঁদের বাধা দেওয়া হয়। সকাল সাড়ে আটটার দিকে উত্তেজিত শ্রমিকেরা ইপিজেডের সামনে নারায়ণগঞ্জ-ডেমরা সড়কে বসে পড়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ তাঁদের সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করলে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। শ্রমিকেরা এ সময় ১৪-১৫টি যানবাহন ভাঙচুর করেন। সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।