সিদ্ধিরগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরেকটি হত্যা মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় আরেকটি হত্যা মামলা হয়েছে।ট্রাকচালক সালাউদ্দিন নিহত হওয়া ঘটনায় তাঁর স্ত্রী শিমা আক্তার ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েক হাজার লোককে আসামি করে গতকাল বুধবার থানায় মামলাটি করেন। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় তিনটি হত্যাসহ মোট ১৫টি মামলা হলো। ৬ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে হেফাজতের কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে বিজিবির দুই সদস্য, পুলিশের দুই সদস্য ও ট্রাকচালক সালাউদ্দিনসহ ২০ জন নিহত হন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, মামলায় প্রধান আসামি করা হয়েছে হেফাজতে ইসলামের সিদ্ধিরগঞ্জ শাখার আহ্বায়ক মুফতি বশিরউল্লাহকে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা আমির আবদুল আউয়াল, হেফাজতের নেতা মুফতি তৈয়ব আল হোসাইন, মুফতি মাহমুদুল হাছান কাসেমী, মাদানীনগর মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফয়জুল্লাহ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি খুরশেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের আমির আবু সায়েম প্রমুখ।