সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ, সিটি করপোরেশনের কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হোল্ডিং ট্যাক্স প্রদানের নোটিশকে কেন্দ্র করে গতকাল সোমবার কয়েক শ লোক বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেছে। এ সময় তারা সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে ভাঙচুর চালিয়ে তাতে তালা ঝুলিয়ে দেয়। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ এবং ওই কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত বছর নারায়ণগঞ্জ, বন্দর কদমরসুল ও সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠন করা হয়। এলাকাগুলোর মধ্যে সিদ্ধিরগঞ্জের বেশির ভাগ রাস্তাসহ পয়োনিষ্কাশনব্যবস্থা করুণ। সম্প্রতি সিটি করপোরেশন এই এলাকার সব হোন্ডিংয়ের ট্যাক্স নিরূপণ করে। পরে এই ট্যাক্স প্রদানে গ্রাহকদের নোটিশ দেয়। এ নোটিশের প্রতিবাদে শনিবার সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এর ধারাবাহিকতায় গতকাল দুপুর সাড়ে ১২টায় কয়েক শ লোক মিছিল বের করে এক ঘণ্টা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে। পরে অবরোধকারীরা পুল এলাকায় সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে ভাঙচুর চালায় ও কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। এসব ঘটনায় নেতৃত্ব দেন জাপার স্থানীয় একজন নেতা এবং তাঁর সঙ্গে ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের ভাই আবদুস সালাম। নজরুল ইসলাম পরাজিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনউল্লাহ নূরী বলেন, সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ২৩ হাজার হোল্ডিংয়ের কর ‘অ্যাসেসমেন্ট’ করা হয়েছে। এর মধ্যে মাত্র তিন হাজার হোল্ডিংয়ের গ্রাহক অ্যাসেসমেন্টের বিরুদ্ধে আপিল করেছেন। সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেন, নবগঠিত সিটি করপোরেশন সীমিত সম্পদ দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়নকাজ করছে। একটি মহল এই কাজ ব্যাহত করতে পরিকল্পিতভাবে এসব করাচ্ছে।