সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী দম্পতি নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী সস্ত্রীক নিহত হয়েছেন। তাঁরা হলেন আলমগীর হোসেন (৫৫) ও তাঁর স্ত্রী শিরিনা আক্তার (৪৮)। আলমগীরের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর গ্রামে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে শিমরাইল বাসস্ট্যান্ড এলাকার সড়কে ঢাকাগামী রডভর্তি একটি ট্রাক পেছন থেকে সজোরে আলমগীরের ব্যক্তিগত গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই গজারিয়া বিল্ডার্স অ্যান্ড অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান আলমগীর হোসেন ও তাঁর স্ত্রী শিরিনা আক্তার মারা যান। আলমগীর নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। গাড়ির পেছনের আসনে ছিলেন চালক বাবুল মিয়া। দুর্ঘটনায় বাবুল মিয়া গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে ব্যবসায়ী দম্পতির অকালমৃত্যুতে তাঁদের তিন সন্তান আসিফ (১৬), ইরফান (৯) ও একমাত্র মেয়ে আসমিতা (৪) কান্নায় ভেঙে পড়ে। জানা যায়, আলমগীর এলাকায় জনপ্রিয় ছিলেন। গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, ওই ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। চালক দেলোয়ার হোসেনসহ ট্রাকটি আটক রাখা হয়েছে।