সিদ্ধিরগঞ্জে হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চিটাগাং রোড ক্ষুদ্র ব্যবসায়ী হকার্স ট্রেড ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চিটাগাং রোডে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. সেলিম রেজা। বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সদস্যসচিব সেকেন্দার হায়াৎ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি আবু নাঈম খান, বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের কেন্দ্রীয় সভাপতি লিয়াকত হোসেন খান প্রমুখ।
হাফিজুল ইসলাম বলেন, ২৩ জুলাই থেকে চিটাগাং রোডের হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের শত শত দোকানপাট উচ্ছেদ ও ভাঙচুর করা হচ্ছে। এতে দরিদ্র হকারদের মাথায় হাত পড়েছে। রুটি-রুজি ও বেঁচে থাকার পথ বন্ধ করে দেওয়ায় তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। তিনি বলেন, ওই দোকানগুলো ভাঙচুর করার কোনো প্রয়োজন ছিল না। দোকানগুলো রাস্তা বা রাস্তার ফুটপাতে নয়। এগুলো রাস্তা থেকে দূরে সরকারি পরিত্যক্ত জায়গায়।