সিদ্ধিরগঞ্জের অপহরণকারী চক্র ঢাকার একটি মামলায় রিমান্ডে

রাজধানীতে মাহবুবুল আলম ইমন নামের ১৪ বছরের এক কিশোরকে অপহরণের মামলায় সিদ্ধিরগঞ্জের অপহরণকারী চক্রের ছয়জনকে এক দিন রিমান্ড নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন। ওই ছয়জন হলেন সিদ্ধিরগঞ্জের নিমাইকাসারী এলাকার বাসিন্দা জাকির হোসেন, তাঁর স্ত্রী মর্জিনা বেগম, টিটু, দেলু, আসলাম ও জেসমিন বেগম।
গত বছরের ২২ নভেম্বর শেরেবাংলা নগর আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের মাঠ থেকে ইমনকে অপহরণ করে বিদেশে পাচার করা হয়। এ ঘটনায় ২ মার্চ ইমনের বাবা ইকবাল হোসেন বাদী হয়ে এই ছয়জনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার পরিদর্শক মুহম্মদ আবুল কালাম আজাদ আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা ইমনকে অপহরণ করে বিদেশে পাচার করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আসামিরা এখন পর্যন্ত ১৭টি শিশু অপহরণ করেছে। অপহরণের শিকার ইমনকে উদ্ধারের জন্য এবং পাচারকারী অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই ছয় আসামিকে নারায়ণগঞ্জের শিশু বায়েজিদ অপহরণ মামলায় গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার তিনটি মামলা হয়। ইতিমধ্যে এ ছয়জনকে ডেমরার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে এক অপহরণ চক্রের ভয়ংকর আস্তানা
অপহরণ চক্রের সঙ্গে শিশু বায়েজিদের ২১ দিন