সিদ্ধিরগঞ্জের শিশু সিয়াম হত্যাকাণ্ডের ৪০ দিনেও মামলা নেয়নি পুলিশ
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে আড়াই বছরের শিশু সিয়াম হত্যাকাণ্ডের ৪০ দিন অতিবাহিত হলেও মামলা নেয়নি পুলিশ। হত্যাকাণ্ডে অভিযুক্ত দুজনকে আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠানো হলেও তাঁরা জামিনে মুক্ত হয়ে নিহত সিয়ামের পরিবারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা। গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মাতৃভূমি সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা গ্রহণ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে কদমতলী এলাকাবাসী। মানববন্ধনে নিহত সিয়ামের বাবা দিনমজুর মোহামঞ্চদ আমীর হোসেন, মা সাথী আক্তারসহ এলাকাবাসী অংশ নেন। গত ২৬ এপ্রিল সিদ্ধিরগঞ্জের কদমতলী মধ্যপাড়া এলাকায় আড়াই বছরের শিশু সিয়ামের নির্মম মৃত্যু হয়। সিয়ামের পরিবারের অভিযোগ, বাগানের ফুল ছেঁড়ার অপরাধে বাড়িওয়ালার স্ত্রী খাদিজা বেগম ও তাঁর কাজের মেয়ে ফারজানা শিশু সিয়ামকে হত্যা করেন।