সিদ্ধেশ্বরীতে জমছে পচা পানি, মার্কেটে ক্রেতা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্ধেশ্বরীর আনারকলি প্লাস সুপার মার্কেটের সামনের সড়ক পয়োনিষ্কাশনের নালা থেকে উঠে আসা নোংরা পানিতে সয়লাব। এতে পথচারীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছবিটি গত বৃহস্পতিবার সকালে তোলা l প্রথম আলো
সিদ্ধেশ্বরীর আনারকলি প্লাস সুপার মার্কেটের সামনের সড়ক পয়োনিষ্কাশনের নালা থেকে উঠে আসা নোংরা পানিতে সয়লাব। এতে পথচারীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছবিটি গত বৃহস্পতিবার সকালে তোলা l প্রথম আলো

বৃষ্টি নেই, কিন্তু সিদ্ধেশ্বরীর আনারকলি প্লাস সুপার মার্কেট ও গোল্ডেন প্লাজার সামনের দুটি গলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই পানি উঠে এসেছে পয়োনিষ্কাশনের নালা থেকে। এর মধ্যে সুপার মার্কেটের সামনের সিদ্ধেশ্বরী লেনে প্রায়ই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবার এক সপ্তাহের বেশি সময় ধরে পচা পানি আটকে আছে। এতে পথচারীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্গন্ধে ভারী হয়ে আছে আশপাশের বাতাস।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রায়ই মৌচাক মোড়ে পয়োনিষ্কাশনের সংযোগ বন্ধ হয়ে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ছাড়া পৃথক কয়েকটি স্থানে পয়োনিষ্কাশন ও ওয়াসার পানির সংযোগ এক হয়ে গেছে। এতে সিদ্ধেশ্বরী এলাকার বাসাবাড়িতে ওয়াসার সরবরাহ করা পানিতে কিছুদিন ধরে ময়লা ও দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। তাঁদের অভিযোগ, নাগরিকদের এই দুর্ভোগের বিষয়টি ওয়াসা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু তাঁরা কেউ কোনো উদ্যোগ নিচ্ছেন না। অথচ ময়লা পানি খেয়ে ও তা মাড়িয়ে চলাচল করায় মহল্লার শিশু-কিশোরসহ সবাই পেটের পীড়া ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে। এলাকাবাসী অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবি করেছেন। এলাকাটি ডিএসসিসির অঞ্চল-১-এর ১৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
জানতে চাইলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান মুঠোফোনে বলেন, তিনি একটা অনুষ্ঠানে ব্যস্ত আছেন৷ এরপর সংযোগ কেটে দেন৷ ডিএসসিসির এই ওয়ার্ডের কাউন্সিলর মুন্সী কামরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে ১০ বার যোগাযোগের চেষ্টা করে এবং এলাকাবাসীর অভিযোগ নিয়ে মতামত চেয়ে খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি৷ তবে ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়াসার পরিচালনা পর্ষদের সদস্য হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ডিএসসিসি এলাকার জনদুর্ভোগ কমাতে মেয়র সাঈদ খোকনের নির্দেশনা রয়েছে৷ তাই আজ শনিবার ওয়াসার সংশ্লিষ্ট লোকজন নিয়ে সিদ্ধেশ্বরী এলাকা পরিদর্শন করব৷ দু-এক দিনের মধ্যে এর সমাধান করা হবে৷’
গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশে পাশাপাশি রয়েছে দুটি গলি। এর মধ্যে আনারকলি মার্কেটের দক্ষিণ পাশ থেকে সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয় পানির পাম্প পর্যন্ত সিদ্ধেশ্বরী লেনে প্রায় হাঁটুপানি জমে রয়েছে। পৃথক কয়েকটি স্থানে পয়োনিষ্কাশনের সংযোগ থেকে ময়লা পানি বের হচ্ছে। এর সঙ্গে বুদ্বুদ করে গ্যাস ও ময়লা বের হচ্ছে। বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। নাখ-মুখ চেপে তা মাড়িয়েই কয়েকজন পথচারীকে চলাচল করতে দেখা গেছে। এই গলিতে রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করছে না৷ জলাবদ্ধতার কারণে এই মার্কেটের উত্তর পাশে ৮-১০টি দোকান বন্ধ রয়েছে। গোল্ডেন প্লাজার সামনের গলিতে প্রায় একই চিত্র দেখা গেছে। এই গলির বাসিন্দারাও বাড়ির সামনে থেকে রিকশায় করে আসা-যাওয়া করছে। তবে মৌচাক মোড়ের কোন স্থানে পয়োনিষ্কাশনের সংযোগ বন্ধ হয়ে রয়েছে, তা খুঁজে পাওয়া যায়নি।
সরকারি ছুটির দিন থাকায় গতকাল আনারকলি মার্কেটে পরিবার নিয়ে কেনাকাটা করতে যান নিউ সিদ্ধেশ্বরী রোডের বাসিন্দা মো. সোহাগ। তিনি বলেন, গত শুক্রবার এই সড়কে অল্প পরিমাণ পানি ছিল। এক সপ্তাহ পর তা বেড়ে হাঁটুপানি পর্যন্ত হয়েছে। এই খানাখন্দে ভরা সড়কে রিকশা উল্টে যাওয়ার আশঙ্কায় চলাচল করতে ভয় হয়৷
গোল্ডেন প্লাজার সামনে গতকাল সকালে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এই গলির বাসিন্দা উজ্জ্বল হোসেন। তিনি বলেন, এই গলির দক্ষিণ মাথায় তাঁর বাসা। প্রায় আধা হাঁটু কালো পচা পানি জমেছে। হেঁটে যাওয়ার উপায় নেই। ১০ টাকা রিকশা ভাড়া দিয়ে পানি পার হতে হচ্ছে৷ বিষয়টি সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও ওয়াসাকে জানানো হয়েছে৷ কিন্তু তাঁরা কেউ কাজ করছেন না৷ উজ্জ্বল বলেন, আনারকলির ওই গলিতে জলাবদ্ধতার পর আশপাশের সব বাড়ির পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই পানি দিয়ে গোসল করলে শরীরেও দুর্গন্ধ লেগে থাকে। এই গলির ৯৮ নম্বর বাড়ির তিনটি বাসার পানিতে ময়লা ও দুর্গন্ধ পাওয়া গেছে। আনারকলি মার্কেটের ব্যবসায়ী আবু সুফিয়ান বলেন, জলাবদ্ধতার কারণে অনেকেই এই মার্কেটে আসতে চান না। ফলে তাঁদের বিক্রিও অনেক কমে গেছে।