সিদ্ধেশ্বরীতে বিপণি বিতানে আগুন
রাজধানীর সিদ্ধেশ্বরীতে গতকাল শুক্রবার রাতে একটি বিপণিবিতানে অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ২০টি দোকান। তবে এতে কেউ হতাহত হননি।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস সূত্র। এর আগেও ওই বিপণিবিতানে আগুন লেগেছিল। তখন অগ্নিনির্বাপণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও সরঞ্জাম রাখার জন্য বিপণিবিতান কর্তৃপক্ষকে বলা হয়েছিল। কিন্তু তা করা হয়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, গতকাল রাত ১০টার দিকে সিদ্ধেশ্বরীর আনারকলি সুপার মার্কেটের দোতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। আগুনে দোতলায় থাকা পারসোনা কালেকশন নামের একটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ওই দোকানে ওড়না, ম্যাক্সিসহ নারীদের বিভিন্ন কাপড়চোপড় বিক্রি করা হতো।
রাত সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। দোকানমালিকেরাও খবর পেয়ে উপস্থিত হয়েছেন। তাঁদের চোখে-মুখে উৎকণ্ঠা। কেউ কেউ ভেতরে যাওয়ার চেষ্টা করলেও তাঁদের যেতে দেওয়া হয়নি। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় র্যাব ও পুলিশ।
পৌনে ১১টার দিকে আগুন নেভার পর ভেতরে গিয়ে দেখা যায়, মার্কেটের নিচতলা ও দোতলা পানিতে সয়লাব। দোতলার ছাদে সংযুক্ত থাকা বৈদ্যুতিক তারসহ বিভিন্ন তার ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। তার পাশেই পারসোনা কালেকশনের দোকান। ভেতরে সব মালামাল পুড়ে গেছে। আগুন থেকে রক্ষা পাওয়া কিছু জিনিস খুঁজে বের করার চেষ্টা করছিলেন দোকানমালিক শওকত হোসেন। তিনি মুখে বিড়বিড় করে বলছিলেন, ‘লাখ টাকার মালামাল তুলছিলাম। সব শ্যাষ হইয়া গেল।’ আরও চার-পাঁচটি দোকান ও নিচতলার ১৫-১৬টি দোকানে পানি ঢুকে মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আরও অধিকতর তদন্ত করে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।